নিজের শরীরেই রক্ত ঢুকিয়ে নতুন নেশা! প্রাণঘাতী ‘ব্লাড কিক’ নিয়ে সাবধান করলেন চিকিৎসকেরা।
বর্তমান ডেস্কঃ
মধ্যপ্রদেশের ভোপালে ‘ব্লাড কিক’ নামক এক অদ্ভুত নেশার প্রবণতা লক্ষ্য করা গেছে, যেখানে ব্যক্তিরা নিজেদের শরীর থেকে রক্ত বের করে পুনরায় তা শরীরে ইনজেক্ট করছেন। ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজে ১৮ থেকে ২৫ বছর বয়সী পাঁচজন রোগীর ক্ষেত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্বাভাবিক মেজাজ, অস্থিরতা ও খিটখিটে আচরণের পরিচয় দিচ্ছিলেন, যার ভিত্তিতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, এটি মূলত একটি ‘বিহেভিয়ারাল অ্যাডিকশন’ বা আচরণগত আসক্তি। রক্ত সংগ্রহের সময়কার ব্যথা ও পরবর্তী অনুভূতির প্রতি এক ধরনের ভুল নেশা থেকে যুবসমাজ এই ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, এভাবে রক্ত আদান-প্রদানের ফলে সেপসিস, বিপজ্জনক অ্যানেমিয়া, এইচআইভি ও হেপাটাইটিসের মতো মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। একইসঙ্গে এটি শরীরের একাধিক অঙ্গকে বিকল করে দিতে পারে। বিশেষজ্ঞরা এই প্রবণতাকে অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করে ভুক্তভোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।