রেজাল্ট বেরোতেই বিষপান, মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া!
বর্তমান ডেস্কঃ
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় আত্মহনন করল শিবানী আহিরওয়ার (১৭) নামে এক মেধাবী ছাত্রী। বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার গ্লানি সইতে না পেরে তিনি বিষপান করেন। নওগাঁও থানা এলাকার সুনতি গ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে প্রথমে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে ও পরে ছাতারপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল দেখার পর থেকেই শিবানী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং এর জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন। নওগাঁওয়ের এসডিওপি অমিত মেশরাম জানিয়েছেন, ময়নাতদন্তের পর ছাত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রাথমিক তদন্তে সিএসপি অরুণ কুমার সোনি নিশ্চিত করেছেন যে, পরীক্ষায় অকৃতকার্য হওয়াই এই আত্মহত্যার মূল কারণ।