বিজেপির প্রার্থী তালিকায় রদবদল চার দফাতেও অমীমাংসিত বাংলার ছয় কেন্দ্র

বিজেপির প্রার্থী তালিকায় রদবদল চার দফাতেও অমীমাংসিত বাংলার ছয় কেন্দ্র

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ফের অস্বস্তিতে বিজেপি। মঙ্গলবার চতুর্থ দফার তালিকায় ১৩টি কেন্দ্রের নাম ঘোষণা করা হলেও এখনও বাকি রয়েছে ছয়টি আসন। কৃষ্ণনগর উত্তর ও দমদম উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রার্থী বাছাই নিয়ে জটিলতা অব্যাহত। এমনকি অভ্যন্তরীণ কোন্দলের জেরে ময়নাগুড়িতে কৌশিক রায়ের বদলে ডালিম রায়কে প্রার্থী করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের অন্দরে বিক্ষোভের ছায়া পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। সিতাই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মীরা সরব হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী টিকিট না পেলেও বাগদায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে। ফলে এই কেন্দ্রে তৃণমূলের মধুপর্ণা ঠাকুরের সঙ্গে ঠাকুরবাড়ির পারিবারিক লড়াই এখন সময়ের অপেক্ষা।

ভোটের এক মাস বাকি থাকলেও প্রার্থী জট না কাটায় দিল্লি ও কলকাতায় চর্চা তুঙ্গে। এরই মাঝে মঙ্গলবার দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁকে কোনো আসনে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে বঙ্গ বিজেপি। দলীয় কোন্দল সামাল দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করাই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *