অমরাবতীকে রাজধানী ঘোষণার পথে অন্ধ্রপ্রদেশ আজই সংসদে বিল পেশ কেন্দ্রের

অন্ধ্রপ্রদেশের দীর্ঘদিনের দাবি মেনে অমরাবতীকে রাজ্যের পূর্ণাঙ্গ রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর লাগাতার চাপের মুখে অবশেষে নতিস্বীকার করে আজই সংসদে ‘দ্য অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ পেশ করতে পারে মোদী সরকার। এই বিলের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের ৫ নম্বর ধারায় প্রয়োজনীয় সংশোধন এনে অমরাবতীকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর মর্যাদা দেওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, বিহারে নীতীশ কুমারকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ বদলের পর এবার শরিকি চাপে কোণঠাসা বিজেপি। অন্ধ্রপ্রদেশের স্বার্থে গত ২৮ মার্চ রাজ্য বিধানসভায় সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করিয়েছিলেন নাইডু। সেই প্রস্তাবের রেশ ধরেই তড়িঘড়ি এই সংশোধনী বিলটি তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রক চাইছে দ্রুত সংসদের সিলমোহর নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে।
নতুন এই সংশোধনী আইনটি ২০২৪ সালের ২ জুন থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে। এর ফলে গত দু’বছর ধরে ঝুলে থাকা রাজধানী জট কার্যত কেটে যাবে। অমরাবতীকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পরিকাঠামো উন্নয়নের পথ প্রশস্ত হওয়াই এখন নাইডু সরকারের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে শরিক দলগুলোর গুরুত্ব বজায় রাখতেই কেন্দ্র এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।