কেরলে বিজেপির নির্বাচনী ইস্তাহার বছরে দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রতিশ্রুতি

কেরলে বিজেপির নির্বাচনী ইস্তাহার বছরে দুটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের প্রতিশ্রুতি

কেরল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বর্ণাঢ্য ইস্তাহার প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার তিরুবনন্তপুরমে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি সভাপতি নীতীন নবীন একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা দেন। বর্তমান জ্বালানি সংকটের আবহে দরিদ্র পরিবারগুলিকে বছরে দুটি এলপিজি সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দল। মূলত ওনাম ও বড়দিন উপলক্ষে এই বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

সিলিন্ডার ছাড়াও রাজ্যের বয়স্ক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য বড় ঘোষণা করেছে গেরুয়া শিবির। ইস্তাহার অনুযায়ী, দরিদ্র মহিলা, বিধবা এবং সত্তরোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য মাসিক ৩ হাজার টাকা পেনশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পাশাপাশি, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে ইস্তাহারে বিশেষ আর্থিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। দরিদ্র পরিবারের মহিলাদের মুদি সামগ্রী ও ওষুধ কেনার সুবিধার্থে প্রতি মাসে আড়াই হাজার টাকার রিচার্জ বা ভাউচার দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। ভোটের মুখে বিজেপির এই জনমোহিনী ইস্তাহার কেরলের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *