মায়াবাজারে জনরোষের মুখে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

মঙ্গলবার দুর্গাপুর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের মায়াবাজারে প্রচারে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়লেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিলে বেরোলে স্থানীয়দের একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বিশেষ করে ডিভিসির বস্তি উচ্ছেদের সময় প্রার্থীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান-পাল্টা স্লোগানে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয় এবং শেষমেশ বিজেপি নেতৃত্বকে এলাকা ছাড়তে হয়।
বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই এই ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীরাই সাধারণ মানুষের বেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিজেপির নামে অপপ্রচার চালাচ্ছে। এমনকি তৃণমূল নিজেদের পোস্টার ছিঁড়ে এবং দেওয়ালে গোবর মাখিয়ে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে বলেও তিনি পাল্টা তোপ দাগেন। প্রার্থীর মতে, যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন সেখানেই মুষ্টিমেয় কিছু লোক ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
পাল্টা প্রতিক্রিয়ায় জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, পাঁচ বছর ধরে মানুষের বিপদে পাশে না থেকে এখন ভোটের আগে প্রচারে বেরোলে সাধারণ মানুষ জবাব চাইবেই। বস্তি উচ্ছেদের সময় বুলডোজারের সামনে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েও বিজেপি নেতাদের দেখা যায়নি বলে তিনি খোঁচা দেন। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।