অসমে জামিন মিললেও জেলমুক্তি নয়, দেবযানীর বন্দিদশা কাটছে না এখনই

সারদা চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় অসমের এক বিশেষ আদালতে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। আর্থিক তছরুপের এই মামলায় মঙ্গলবার আদালত তাঁর আবেদনের ভিত্তিতে এই রায় প্রদান করে। বর্তমানে তিনি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন এবং জেলে বসেই ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়েছিলেন।
দেবযানীর আইনজীবীরা জানিয়েছেন, সিবিআইয়ের প্রবল আপত্তি সত্ত্বেও দীর্ঘ শুনানি এবং কেস ডায়েরি খতিয়ে দেখার পর বিচারক এই জামিন মঞ্জুর করেছেন। তাঁদের যুক্তি ছিল, মক্কেল দীর্ঘদিন ধরে জেলবন্দি এবং মামলার তদন্ত শেষ হয়ে চার্জশিট দাখিল হয়েছে। তবে অসমে স্বস্তি মিললেও দেবযানীকে এখনই কারাগার থেকে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
এর আগে কলকাতার ব্যাঙ্কশালের বিশেষ আদালত থেকেও একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল। কিন্তু সারদা কর্ত্রীর বিরুদ্ধে এখনও আরও বেশ কিছু মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। সেই সমস্ত মামলায় এখনও আইনি রক্ষাকবচ বা জামিন না পাওয়ায় আপাতত তাঁকে জেলেই থাকতে হবে বলে আইনজীবীরা নিশ্চিত করেছেন।