সিঙাড়ার দাম নিয়ে বচসা দোকানদারের আঙুল কামড়ে ছিঁড়ে নিল গ্রাহক – বর্তমান নিউজ

মুম্বইয়ের মালাডে এক প্লেট সিঙাড়া ও কাটলেটের দাম মেটানোকে কেন্দ্র করে চরম নৃশংসতার সাক্ষী থাকল শিবাজি চক এলাকা। অনলাইনে টাকা মেটানো না কি নগদ—এই নিয়ে তর্কের জেরে রণজিৎ হরিবংশ সিং নামে এক দোকানদারের হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল এক গ্রাহকের বিরুদ্ধে। গত শনিবার রাতের এই হাড়হিম করা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত লক্ষ্মীধর মঙ্গল মালিক দোকানে খাবার খেয়ে অনলাইনে টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু দোকানদারের ছেলে নগদ দাবি করায় দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে মালিক রণজিৎ এগিয়ে এলে অভিযুক্ত তাঁর ওপর চড়াও হন এবং দাঁত দিয়ে তাঁর হাতের মাঝের আঙুলটি কামড়ে আলাদা করে দেন। যন্ত্রণায় চিৎকার করলেও অভিযুক্ত শান্ত হননি।
আক্রান্ত দোকানদার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লক্ষ্মীধরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সামান্য তুচ্ছ কারণে এমন অমানবিক আচরণে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।