বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর শংসাপত্র ‘ভুয়ো’, মনোনয়ন বাতিলের দাবিতে হাইকোর্টে বিজেপি – বর্তমান নিউজ

আগামী বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যের জাতিগত শংসাপত্র নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রার্থীর জমা দেওয়া তপশিলি জাতি শংসাপত্রটি জাল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর দাবি, আরটিআই-এর মাধ্যমে জানা গেছে যে প্রার্থীর বাবা-মা অতীতে সাধারণ প্রার্থী হিসেবে লড়লেও ঋতুপর্ণা বেআইনিভাবে এই শংসাপত্র সংগ্রহ করেছেন।
আদালতের পাশাপাশি নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানিয়ে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলেছেন বিজেপি বিধায়ক। একইসঙ্গে ঋতুপর্ণার বাবা শঙ্কর আঢ্য ও মা জোৎস্না আঢ্যের বিরুদ্ধে বনগাঁ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন আবাসন ও জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছেন তিনি। এই আর্থিক অনিয়ম নিয়েও হাইকোর্টে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।
পাল্টা প্রতিক্রিয়ায় শঙ্কর আঢ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্ত বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, প্রার্থীর ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়েই বিজেপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে কেন এই প্রশ্ন তোলা হয়নি, সেই প্রশ্ন তুলে তিনি আইনের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।