১২ দফা দাবিতে কলকাতায় গর্জে উঠল হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত – বর্তমান নিউজ

১২ দফা দাবিতে কলকাতায় গর্জে উঠল হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত – বর্তমান নিউজ

সোমবার কলকাতার ভারত সভা হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের কৃষি সংকট নিয়ে সরব হল হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত। সংগঠনের রাজ্য কমিটির নেতৃবৃন্দ জানান, পশ্চিমবঙ্গ জুড়ে ধান, আলু, পেঁয়াজ ও ভুট্টা চাষিরা চরম আর্থিক বিপর্যয়ের সম্মুখীন। উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন সাধারণ সম্পাদক অশোক দাস।

এই পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি ১২ দফা দাবিসনদ পেশ করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষক পরিবার কল্যাণ কমিশন গঠন, সার ও বীজের মূল্য তালিকার জন্য ডিজিটাল অ্যাপ চালু এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি। এছাড়াও ডিভিসি ক্যানেল সংস্কার, কোল্ড স্টোরেজ ভাড়ার পুনর্মূল্যায়ন এবং বাজেটের ২০ শতাংশ কৃষিক্ষেত্রে বরাদ্দের দাবি জানানো হয়েছে।

কৃষক ও পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিচয়পত্র প্রদানসহ দরিদ্র কৃষক সন্তানদের জন্য সংরক্ষণের দাবি তুলেছে এই সংগঠন। দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন ও প্রচার অভিযানের হুঁশিয়ারি দিয়েছে হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত। কৃষকদের স্বার্থরক্ষায় এই লড়াই আরও জোরদার করার অঙ্গীকার করেছেন নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *