ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় পীরগঞ্জে বিক্ষোভ, জনশূন্য অচিনতলা হাটে ব্যবসায়ীদের মাথায় হাত – বর্তমান নিউজ

মালদার রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে অসংখ্য মানুষের নাম বাদ পড়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এর প্রতিবাদে গত সোমবার পথ অবরোধের পর, মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা ঐতিহ্যবাহী সাপ্তাহিক অচিনতলা হাট বন্ধ করে দেন। এর ফলে দীর্ঘদিনের কর্মব্যস্ত এই হাট এলাকা এদিন সম্পূর্ণ জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়ে।
অচিনতলায় হাট বসতে না পারায় বিপাকে পড়েন কয়েকশ ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ী। বাধ্য হয়ে ব্যবসায়ীদের একটি অংশ প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসেন। তবে সঠিক প্রচার ও দূরত্বের কারণে সেখানে ক্রেতাদের উপস্থিতি ছিল নগণ্য, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।
ভুক্তভোগী বাসিন্দাদের দাবি, সঠিক তদন্ত ছাড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। নাম সংশোধন বা পুনর্বহালের দাবিতে তাদের এই বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। অন্যদিকে, হাটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।