নির্বাচন কমিশনের বদলি করার ক্ষমতা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের খারিজ তৃণমূলের মামলা – বর্তমান নিউজ

নির্বাচন কমিশনের বদলি করার ক্ষমতা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের খারিজ তৃণমূলের মামলা – বর্তমান নিউজ

ভোটের মুখে রাজ্যের পুলিশ ও প্রশাসনে নির্বাচন কমিশনের ধারাবাহিক রদবদলকে চ্যালেঞ্জ করে তৃণমূলের দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে কমিশনের এই পদক্ষেপ সম্পূর্ণ বৈধ। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের এই ব্যাপক ক্ষমতা রয়েছে এবং প্রতিটি বদলির কারণ ব্যাখ্যা করতে তারা বাধ্য নয়।

আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বদলি সরকারি চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে—এমন কোনো প্রমাণ মামলাকারীরা পেশ করতে পারেননি। অন্ধ্রপ্রদেশ ও এলাহাবাদ হাইকোর্টের পূর্ববর্তী রায় উল্লেখ করে বেঞ্চ জানায়, প্রশাসনিক এই সিদ্ধান্তে বিচারবিভাগ সাধারণত হস্তক্ষেপ করে না। জনস্বার্থ বিঘ্নিত হওয়ার সপক্ষেও কোনো জোরালো যুক্তি বা প্রমাণ আদালতে ধোপে টেকেনি।

মামলা খারিজ হলেও কোনো জরিমানা করেনি আদালত। তবে হাইকোর্ট জানিয়েছে, যদি কোনো আধিকারিক ব্যক্তিগতভাবে এই বদলির নির্দেশে সংক্ষুব্ধ হন, তবে তিনি আইনত আলাদাভাবে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বদলির অভিযোগের সপক্ষে প্রমাণ না থাকায় এবং যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের মামলায় যুক্ত না করায় আদালত এই জনস্বার্থ মামলাটির কোনো সারবত্তা খুঁজে পায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *