মাসুদ আজহারের বড় ধাক্কা পাকিস্তানে জইশ প্রধানের ভাই তাহির আনোয়ারের রহস্যমৃত্যু – বর্তমান নিউজ

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারে ফের শোকের ছায়া। পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তার ভাই তথা সংগঠনের সক্রিয় সদস্য মহম্মদ তাহির আনোয়ারের। সোমবার গভীর রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘ সময় ধরে জইশের কার্যকলাপে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা তাহিরের এই আকস্মিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই নানা মহলে রহস্য দানা বাঁধছে।
সংগঠনের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, এর কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কোনো নির্দিষ্ট অসুস্থতা বা দুর্ঘটনার উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগেও ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মাসুদের বোন ও ভাইপোসহ একাধিক ঘনিষ্ঠ আত্মীয় নিহত হয়েছিলেন। গত বছর জইশ কমান্ডাররা সেই ক্ষয়ক্ষতির কথা পরোক্ষে স্বীকারও করে নিয়েছিলেন।
জইশ-ই-মহম্মদ ভারতের সংসদ ভবন, পাঠানকোট, উরি এবং পুলওয়ামা হামলার মতো একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। ২০১৯ সালের পুলওয়ামা হামলার জবাবে ভারতীয় বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে জইশের সদর দপ্তরসহ বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে জঙ্গি পরিকাঠামো ধূলিসাৎ করে দিয়েছিল। তাহিরের মৃত্যু সেই ধাক্কার পর মাসুদ আজহারের ব্যক্তিগত ও সাংগঠনিক পরিসরে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।