ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির আদি-নব্য দ্বন্দ্বে কৌশিক বাদ, নতুন মুখ ডালিম – বর্তমান নিউজ

ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে তীব্র অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রার্থী বদল করল বিজেপি। গতবারের জয়ী বিধায়ক কৌশিক রায়ের বদলে এবার টিকিট পেলেন ডালিম রায়। এলাকায় অনুপস্থিতি এবং কর্মীদের একাংশের তীব্র বিরোধিতার কারণে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। জেলা সভাপতিকে তালাবন্দি করা এবং দলীয় কার্যালয় ভাঙচুরের মতো ঘটনায় অস্বস্তি বাড়ছিল দলের।
প্রার্থিতা ঘোষণার পর কৌশিক রায় প্রচার শুরু করলেও কর্মীদের সক্রিয় সমর্থন পাননি। গত পাঁচ বছরের কাজের খতিয়ান পেশ করেও ক্ষোভ প্রশমিত করতে ব্যর্থ হন তিনি। দলের চতুর্থ দফার তালিকায় ডালিম রায়ের নাম আসতেই ময়নাগুড়িতে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। ঢাক বাজিয়ে এবং মিষ্টি মুখ করে নতুন প্রার্থীকে স্বাগত জানায় জেলা নেতৃত্ব।
মনোনয়ন পেয়ে ডালিম রায় জয়ের বিষয়ে সংকল্প প্রকাশ করেছেন। ময়নাগুড়িকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে তিনি জানান, দলীয় নির্দেশিকা মেনেই দ্রুত নির্বাচনী ময়দানে নামবেন। অন্যদিকে, প্রার্থী পদ হারানোর পর কৌশিক রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নাটকীয় পরিবর্তন আসন্ন নির্বাচনে ময়নাগুড়িতে বিজেপির ভোটব্যাঙ্কে কী প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।