ধোনিহীন চেন্নাইয়ের কপালে চিন্তার ভাঁজ: ১৬ বছরে মাত্র এক জয়, পরিসংখ্যান দিচ্ছে সতর্কবার্তা – বর্তমান নিউজ

আইপিএল ২০২৬-এর শুরুতেই রাজস্থান রয়্যালসের কাছে ৮ উইকেটে হেরে বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। চোটের কারণে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ধোনিকে ছাড়া মাঠে নেমে সিএসকে-র রেকর্ড একেবারেই সন্তোষজনক নয়।
পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলের দীর্ঘ ইতিহাসে ধোনিকে ছাড়া মাত্র একবারই জয়ের মুখ দেখেছে চেন্নাই। ১৬ বছর আগে ২০১০ সালে দিল্লির বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছিল তারা, যেখানে ম্যাথিউ হেডেন বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এছাড়া ২০১০-এ আরসিবি ও পাঞ্জাব কিংস এবং ২০১৯-এ মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ধোনিহীন চেন্নাইকে হারের গ্লানি সহ্য করতে হয়েছে।
চলতি মরশুমে ধোনির চোটের কারণে প্রথম ছয় ম্যাচে তাঁকে পাচ্ছে না দল। রাজস্থানের বিরুদ্ধে পরাজয় সেই শূন্যতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। অতীতের খতিয়ান বলছে, ক্যাপ্টেন কুলের অনুপস্থিতিতে বারবার খেই হারিয়েছে হলুদ বাহিনী। এখন দেখার, ধোনি ফেরার আগে আগামী ম্যাচগুলোতে চেন্নাই এই হারের বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না।