২৯৪ কেন্দ্রেই আমি প্রার্থী, চন্দ্রকোনার সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার – বর্তমান নিউজ

চন্দ্রকোনার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদের পালটা তোপ দেগে তিনি স্পষ্ট জানান, রাজ্যের উন্নয়ন কীভাবে করতে হয় তা নিয়ে তাঁকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। চন্দ্রকোনাসহ রাজ্যে একাধিক উন্নয়ন বোর্ড ও প্রকল্পের কাজের খতিয়ান তুলে ধরে তিনি দলীয় প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে ভোট চান। তৃণমূলনেত্রীর ঘোষণা, আসন্ন নির্বাচনে ২৯৪টি আসনেই তিনি নিজে প্রার্থী, তাই ব্যক্তি ভুলে ঘাসফুল চিহ্নে আস্থা রাখুক জনতা।
সভায় ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি পরিকল্পিতভাবে মহিলা, সংখ্যালঘু ও তপশিলিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে গণতন্ত্র হরণের চেষ্টা চালাচ্ছে। বাইরে থেকে লোক এনে তালিকায় নাম ঢোকানো হচ্ছে বলেও তিনি সরব হন। কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি স্থানীয় কৃষকদের আশ্বস্ত করে তিনি জানান, আলু নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না এবং ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে থেকে রাজ্য সরকারই প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করবে।
মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ‘সমুদ্রের’ সঙ্গে তুলনা করে বলেন, বাংলাকে দমিয়ে রাখার সাধ্য কারও নেই। কৃষকদের সুবিধার্থে ৩০ শতাংশ কোল্ড স্টোরেজ ও শস্য বিমার সুবিধা করে দেওয়ার কথা উল্লেখ করে তিনি সরাসরি বিজেপি নেতাদের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন। গরিব মানুষের স্বার্থ রক্ষায় তাঁর সরকার বদ্ধপরিকর এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর আদলে বাংলায় বহিরাগত প্রভাব খাটানোর চেষ্টা সফল হবে না বলেও তিনি কড়া হুঁশিয়ারি দেন।