দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সতর্কতা, ভিজবে কলকাতাও – বর্তমান নিউজ

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর প্রবল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকায় দিনভর গুমোট পরিস্থিতির বদলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের মতে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও হুগলির কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং আকাশ মূলত পরিষ্কার হয়ে যাবে। যদিও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও ঝাড়গ্রামে বুধবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রার সামান্য হেরফের হলেও পরবর্তী দিনগুলোতে পারদ চড়বে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কালবৈশাখীর দাপট ও ৫০-৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ ও বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।