পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই তাহিরের রহস্যজনক মৃত্যু, তুঙ্গে জল্পনা – বর্তমান নিউজ

পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের ভাই তাহিরের রহস্যজনক মৃত্যু, তুঙ্গে জল্পনা – বর্তমান নিউজ

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বড় ভাই মহম্মদ তাহির আনওয়ারের দেহ উদ্ধার ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। জইশের টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, সোমবার রাতে বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘ অসুস্থতা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

সংগঠনের অন্যতম নীতিনির্ধারক তাহির আনওয়ার দীর্ঘদিন ধরে জইশ-ই-মহম্মদের সশস্ত্র ক্যাডার ও মারকাজ উসমান-ও-আলির দায়িত্ব সামলাচ্ছিলেন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, মারকাজের নেতৃত্ব নিয়ে সংগঠনের ভেতরে চলা অভ্যন্তরীণ টানাপড়েনের মাঝেই তার এই আকস্মিক মৃত্যু বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই মারকাজটি একসময় মাসুদ আজহারের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হতো।

ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মাসুদ আজহারের পরিবার এর আগেও ভারতীয় বাহিনীর অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। বিগত বছরগুলোতে বাহাওয়ালপুরের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে হামলায় আজহারের বোন ও ভগ্নিপতিসহ একাধিক ঘনিষ্ঠ আত্মীয় নিহত হয়েছিল। বর্তমানে বাহাওয়ালপুর ক্যাম্পাসে বসে নতুন করে নাশকতার ছক কষার আবহে তাহিরের এই মৃত্যু জইশ গোষ্ঠীর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *