তামিলনাড়ুর ভোটে স্ট্যালিনের মাস্টারস্ট্রোক: মহিলাদের মাসে ২০০০ টাকা ও পড়ুয়াদের ব্রেকফাস্টের ঘোষণা – বর্তমান নিউজ

তামিলনাড়ুতে টানা দ্বিতীয়বার সরকার গঠনের লক্ষ্যে ডিএমকের নির্বাচনী ইস্তাহারে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। চেন্নাইয়ে ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, ফের ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ২,০০০ টাকা এবং আসবাবপত্র বা বৈদ্যুতিন সরঞ্জাম বদলানোর জন্য এককালীন ৮,০০০ টাকা অর্থ সাহায্য করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের বিশাল মহিলা ভোটব্যাঙ্ককে পাশে পাওয়াই ডিএমকে-র প্রধান লক্ষ্য।
শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করে স্ট্যালিন জানান, ‘মুখ্যমন্ত্রী ব্রেকফাস্ট’ কর্মসূচি এবার গোটা রাজ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর করা হবে। এর পাশাপাশি কৃষকদের জন্য বিনামূল্যে জলের পাম্প এবং বিদ্যুৎ সাশ্রয়ের প্রতিশ্রুতিও দিয়েছে শাসক দল। ১৯৬৭ সাল থেকে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকে-র পালা করে ক্ষমতায় আসার দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে এবার সেই ধারা ভেঙে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বর্তমান মুখ্যমন্ত্রী।
প্রয়াত নেত্রী জয়ললিতার জনকল্যাণমূলক রাজনীতির পথ অনুসরণ করে স্ট্যালিন নাগরিক সুবিধায় তামিলনাড়ুকে দেশের সেরা রাজ্য হিসেবে দাবি করেছেন। পন্নিরসেলভমের মতো নেতাদের যোগদানে ডিএমকে শিবির বর্তমানে যথেষ্ট আত্মবিশ্বাসী। ২০২৬-এর নির্বাচনে এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো ভোটের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখন দেখার, এই মেগা প্রতিশ্রুতির হাত ধরে স্ট্যালিন রাজ্যে নতুন ইতিহাস গড়তে পারেন কি না।