অভিষেকের হাত ধরে তৃণমূলে জেএলকেএম-এর দুই শীর্ষ নেতা, ঝালদায় বাড়ল জোড়াফুলের শক্তি – বর্তমান নিউজ

পুরুলিয়ার বাঘমুন্ডিতে নির্বাচনী জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ঝাড়খণ্ড গণতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার (জেএলকেএম) দুই প্রভাবশালী নেতা। সোমবার ঝালদা ১ নম্বর ব্লকের ইচাগ-কেন্দুয়াডিহি ময়দানে আয়োজিত সভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নেন জেএলকেএম-এর পশ্চিমাঞ্চল সভাপতি গোপাল মাহাতো এবং কুড়মি সমাজের নেতা ভদ্রদুলাল মাহাতো।
দলীয় সূত্রে খবর, বিজেপি-বিরোধী লড়াইকে আরও জোরদার করতেই এই দুই নেতার তৃণমূলে যোগদান। বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতোর সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করার ডাক দেন। যোগদানের পর দুই নেতার সঙ্গেই দীর্ঘক্ষণ আলোচনা করেন ডায়মন্ড হারবারের সাংসদ, যা স্থানীয় রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই হাই-প্রোফাইল যোগদান জেলা তৃণমূলের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল। উন্নয়নকে হাতিয়ার করে শাসকদল যখন প্রচার চালাচ্ছে, তখন জেএলকেএম নেতৃত্বের এই দলবদল বিরোধী শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ঝালদা ও সংলগ্ন এলাকায় কুড়মি ভোটব্যাঙ্কে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।