শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে অনিশ্চিত জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ – বর্তমান নিউজ

শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা অভিনেতা রাহুলের অকাল প্রয়াণে অনিশ্চিত জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ – বর্তমান নিউজ

ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রের চোরাবালিতে আটকে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অভিনেতার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করতে তাঁর বিজয়গড়ের বাসভবনে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। সহকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বর্তমানে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে শ্বেতা মিশ্রর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। ধারাবাহিকে তাঁদের বিয়ের পর হানিমুন পর্বের দৃশ্যধারণের সময়ই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে পুলিশের হাতে শুটিং স্থলের কিছু ভিডিও ফুটেজ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। হাঁটু সমান জলে কীভাবে এই মর্মান্তিক পরিণতি ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

রাহুলের প্রয়াণে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এমন শোকাবহ ঘটনার পর ধারাবাহিকটি আর এগিয়ে না নিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকরাও প্রিয় নায়ককে ছাড়া এই মেগা দেখতে নারাজ। আপাতত কয়েকদিনের এপিসোড ব্যাঙ্কিং থাকলেও, নতুন করে শুটিং শুরু হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *