এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা কমিটির প্রধানের – বর্তমান নিউজ

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে হেনস্থা ও হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন মহিলা কমিটির প্রধান ভালাঙ্কা আলেমাও। গত ২৯ মার্চ নয়াদিল্লিতে আয়োজিত এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। ভালাঙ্কার অভিযোগ, বৈঠকে তাঁর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে এবং সভাপতি তাঁর প্রতি আসাম্মানজনক মন্তব্য ও উচ্চবাচ্যের মাধ্যমে ভীতি প্রদর্শন করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভালাঙ্কা কমিটির অন্যান্য সদস্যদের চিঠি লিখে জানিয়েছেন যে, সভাপতি ছাড়াও ভাইস প্রেসিডেন্ট এন এ হারিস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণের আচরণ অত্যন্ত কুরুচিপূর্ণ ছিল। অস্ট্রেলিয়ায় মহিলা এশিয়া কাপের পর দলের ব্যবস্থাপনা ও যাতায়াতে গাফিলতি নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে। উল্লেখ্য, ভালাঙ্কা চার্চিল ব্রাদার্স এফসি-র সিইও এবং ফিফার গুরুত্বপূর্ণ কমিটির সদস্য।
বর্তমানে ভারতীয় ফুটবলের প্রশাসনিক সংকট এই বিতর্কের জেরে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আইএসএল চলাকালীন ফেডারেশনের সর্বোচ্চ স্তরে এমন অভ্যন্তরীণ বিবাদ ও অশোভন আচরণের অভিযোগ আন্তর্জাতিক মহলে দেশের ফুটবলের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এই প্রশাসনিক টানাপড়েন মাঠের পারফরম্যান্সের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।