তামিলনাড়ু নির্বাচনে স্ট্যালিন বনাম বিজয়: দুই কেন্দ্রে লড়ছেন থালাপতি, ১৬৪ আসনে প্রার্থী দিল ডিএমকে – বর্তমান নিউজ

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পারদ চড়ালেন টিভিকে প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়। রবিবার রাজ্যের ২৩৪টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাঁর দল। রুপোলি পর্দা থেকে রাজনীতিতে আসা এই অভিনেতা নিজে পেরাম্বুর এবং তিরুচি (পূর্ব)—এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডিএমকে-র শক্তঘাঁটি পেরাম্বুরকে বেছে নেওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিজয়ের দাবি, এবারের লড়াই মূলত ডিএমকে এবং টিভিকের মধ্যে সীমাবদ্ধ।
অন্যদিকে, ক্ষমতাসীন ডিএমকে ইতিমধ্যেই ১৬৪টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজের কেন্দ্র কোলাতুর এবং উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন চিপায়ুক-ভাল্লিকেনি থেকেই লড়ছেন। ডিএমকে-র তালিকায় ১৮ জন মহিলা ও ৫ জন মুসলিম প্রার্থীসহ ৬০টি নতুন মুখ ঠাঁই পেয়েছে। কংগ্রেসকে ২৮টি এবং বাকি আসনগুলো সহযোগী দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
নির্বাচনী রণকৌশলে চমক দিয়ে এআইডিএমকে-র প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভামকে টিকিট দিয়েছে স্ট্যালিনের দল। পনিরসেলভাম সম্প্রতি ডিএমকে-তে যোগ দিয়েছিলেন। এবারের নির্বাচনে মন্ত্রীদের ওপরই বেশি ভরসা রেখেছে শাসক দল। স্ট্যালিন ও বিজয়ের এই সরাসরি টক্কর দক্ষিণের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা এড়িয়ে দুই শিবিরের এই প্রার্থী ঘোষণা তামিলনাড়ুর ভোটচিত্রকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।