বিধানসভা নির্বাচনে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জন্য ক্যাশলেস চিকিৎসার ঘোষণা রাজ্যের – বর্তমান নিউজ

আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশেষ চিকিৎসাসেবা ঘোষণা করেছে রাজ্য সরকার। নির্বাচনী ডিউটি চলাকালীন কোনো জওয়ান অসুস্থ হলে বা দুর্ঘটনায় আহত হলে সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে ক্যাশলেস বা নগদহীন চিকিৎসা সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকা কলকাতা ও জেলাস্তরের অনুমোদিত ২৩৪টি বেসরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে।
রাজ্য সরকারের জারি করা নির্দেশনামা অনুযায়ী, ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম-২০১৪’ বিধি মেনেই এই চিকিৎসা প্রদান করা হবে। জওয়ানদের নাম, পদমর্যাদা, পরিচয়পত্র নম্বর এবং ব্যাটালিয়নের তথ্য যাচাইয়ের পর সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপাররা হাসপাতালের কাছে চিকিৎসার অনুরোধ পাঠাবেন। চিকিৎসার যাবতীয় বিল পরবর্তী সময়ে রাজ্য সরকার সরাসরি পরিশোধ করবে।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। তাঁদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় জওয়ানরা যাতে দ্রুত এবং উন্নতমানের চিকিৎসা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কর্তব্যরত জওয়ানদের জরুরি চিকিৎসায় আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকবে না।