এসআইআর বাণেই বিজেপির রাজনৈতিক মৃত্যু হবে, রানিগঞ্জের জনসভা থেকে হুঁশিয়ারি মমতার – বর্তমান নিউজ

রাজ্য দখলের লড়াইয়ে উত্তপ্ত বাংলা। শনিবার রানিগঞ্জ ও পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাঁতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর নামে সাধারণ মানুষের হয়রানি ও ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ তুলে তিনি বলেন, এই ‘এসআইআর’ বাণেই বিজেপির রাজনৈতিক মৃত্যু হবে। এবারের নির্বাচনকে কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে তুলনা করে বিজেপিকে কৌরব পক্ষ বলে অভিহিত করেন তিনি।
জঙ্গলমহলের রঘুনাথপুর ও কাশীপুরের সভায় মমতা অভিযোগ করেন, গেরুয়া শিবির বাংলাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি এবং প্রশাসনিক রদবদলের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বেছে বেছে রাজ্যের আধিকারিকদের সরিয়ে নিজেদের পছন্দের অফিসার নিয়োগ করে বাংলায় অস্ত্র ও কালো টাকা ঢোকানোর চেষ্টা করছে কমিশন। বেহালার দোকান ভাঙার ঘটনাকেও তিনি এই চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেন।
বিজেপিকে ‘দেশ বিক্রয়কারী’ ও ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলা তথা দেশ থেকে তাড়ানোর অঙ্গীকার করেন। তিনি সাফ জানান, বাংলার পর তাঁর পরবর্তী লক্ষ্য হবে দিল্লি। তৃণমূল কর্মীদের টাকা দিয়ে কেনার চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে তিনি সাধারণ মানুষকে বিজেপিকে রাজনৈতিকভাবে ‘বরবাদ’ করার ডাক দেন। চতুর্থবার সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী নেত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমা লঙ্ঘন করলে কাউকে রেয়াত করা হবে না।