টাকাকড়ি নিয়ে বিবাদ: কসবায় মেয়ের সামনেই ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ – বর্তমান নিউজ

রবিবার ভোরে কলকাতার কসবার বোসপুকুর এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামী বিনোদ সিংহ তার স্ত্রী স্বপ্না সিংহকে ঘুমন্ত অবস্থায় মেয়ের সামনেই কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা পালানোর সময় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদ কোনো কাজ করতেন না এবং প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর কাছে টাকা চাইতেন। শনিবার রাতেও তিনি চার হাজার টাকা দাবি করেন, যা দিতে অস্বীকার করায় শুরু হয় চরম অশান্তি। ভোরে পুনরায় ফিরে এসে ঘুমন্ত স্বপ্নার পেটে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্বপ্নার মৃত্যু হয়।
মৃতার পরিবারের দাবি, স্বপ্নার উপার্জনেই সংসার চলত, যা নিয়ে বিনোদ প্রায়ই অশান্তি ও মারধর করতেন। এমনকি স্বপ্নার কর্মস্থলেও চড়াও হতেন তিনি। কসবা থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পারিবারিক বিবাদের পাশাপাশি অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।