প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নাম না থাকলে আবেদনের সুযোগ – বর্তমান নিউজ
.jpeg.webp?ssl=1)
রাজ্য নির্বাচন কমিশন অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রায় ৩৭ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। এর আগে প্রথম তালিকায় ১০ লক্ষ নাম প্রকাশিত হয়েছিল। ভোটাররা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট (voters.eci.gov.in) থেকে বিস্তারিত তথ্য দিয়ে তালিকায় নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।
জুডিশিয়াল অফিসারদের ই-সাইন এবং সার্ভারে আপলোড প্রক্রিয়া শেষে এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। যাদের নাম এই তালিকায় নেই, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। অভিযোগ নিষ্পত্তির জন্য ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের দায়িত্বে থাকবেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। হাইকোর্টের সবুজ সংকেত পেলেই এই ট্রাইব্যুনালগুলো পুরোদমে কাজ শুরু করবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, তালিকা থেকে বাদ পড়া ভোটাররা আগামী ১১ই এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমেই জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে আবেদন করা সম্ভব। সমস্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ট্রাইব্যুনালগুলো বহাল থাকবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।