নেপালে রাজনৈতিক পটপরিবর্তন: দায়িত্ব নিয়েই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলিকে গ্রেফতার করল বালেন শাহ সরকার – বর্তমান নিউজ
নেপালে নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন শাহ শপথ গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছেন। শনিবার ভোরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে তাঁদের নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। নবগঠিত সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
মূলত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সংঘটিত যুব সম্প্রদায়ের ‘Gen Z’ আন্দোলন দমনে হিংসাত্মক ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ডিজিটাল স্বাধীনতা, দুর্নীতি ও বেকারত্ব বিরোধী ওই আন্দোলনে তৎকালীন সরকারের দমনপীড়নে অন্তত ৭৭ জন নিহত এবং ২,০০০-এর বেশি মানুষ আহত হন। একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির পাশাপাশি নেপালি কংগ্রেস নেতা রমেশ লেখকের বিরুদ্ধেও কঠোর ধারা প্রয়োগ করা হয়েছে, যাতে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। উল্লেখ্য, এই তদন্ত রিপোর্টে পুলিশ ও সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বর্তমান সরকার একটি নতুন তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা করছে।