দুর্যোগের কবলে অমিত শাহের বিমান, মাঝ আকাশে ৪৫ মিনিট চক্কর কেটে কলকাতায় অবতরণ – বর্তমান নিউজ

প্রবল ঝড়বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম বিভ্রাটের মুখে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ কলকাতায় অবতরণের কথা থাকলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। ঠাকুরনগর, ভীমপুর এবং বেথুয়াডহরির আকাশে প্রায় ৪৫ মিনিট ঘোরার পর অবশেষে রাত ১টা ২০ মিনিটে দমদম বিমানবন্দরে নিরাপদে নামে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান।
বিমানবন্দরে নামার পর স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দীর্ঘক্ষণ মাঝ আকাশে আটকে থাকার এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
শনিবার দুপুরে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে অমিত শাহের। দুর্নীতি, বেকারত্ব এবং মহার্ঘ ভাতার মতো একাধিক ইস্যুকে অস্ত্র করে নির্বাচনী প্রচারে শান দিতেই তাঁর এই সফর। রাজ্য বিজেপির দাবি, এই চার্জশিটের মাধ্যমে সরকারের প্রশাসনিক ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরা হবে। দুর্যোগ কাটিয়ে শাহের এই সফর এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।