পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের জন্য কড়া ‘অ্যাকশন প্ল্যান’ কমিশনের – বর্তমান নিউজ

আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল ভারতের নির্বাচন কমিশন। মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের (OC) সুনির্দিষ্ট ভূমিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১০ দিনের বেশি কোনো জামিন অযোগ্য ওয়ারেন্ট পেন্ডিং রাখা যাবে না। অপরাধীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেফতারি অভিযান এবং প্রয়োজনে ‘লুক আউট’ নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানার নাকা পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। মাদক ও অবৈধ মদের কারবার রুখতে বিশেষ তল্লাশির পাশাপাশি হোটেল ও সরাইখানাগুলোতেও নিয়মিত নজরদারি চলবে। এছাড়া ভোটের কাজে আসা পর্যবেক্ষক এবং রাজনৈতিক প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচনের কাজে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিক বর্তমানে কমিশনের অধীনে ডেপুটেশনে রয়েছেন। কর্তব্য পালনে কোনো প্রকার গাফিলতি বা অসদাচরণ ধরা পড়লে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৯ ও ১৩৪ ধারা অনুযায়ী কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পেশাদারিত্ব বজায় রাখতে পুলিশ বাহিনীকে এই কড়া বার্তার মাধ্যমে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন।