দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঝ আকাশে বিপত্তি, দীর্ঘক্ষণ চক্কর কেটে কলকাতায় নামল অমিত শাহের বিমান – বর্তমান নিউজ

শুক্রবার রাতে প্রবল ঝড়বৃষ্টির কবলে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে মাঝ আকাশে প্রায় ৪৫ মিনিট চক্কর কাটতে হয় বিমানটিকে। রাত পৌনে ১২টা নাগাদ কলকাতায় পৌঁছানোর কথা থাকলেও, দুর্যোগের জেরে বিমানটি ঠাকুরনগর, ভীমপুর এবং বেথুয়াডহরির আকাশে ঘুরতে বাধ্য হয়। শেষ পর্যন্ত রাত ১টা ২০ মিনিটে দমদম বিমানবন্দরে নিরাপদ অবতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকা নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানেও একই ধরনের বিপত্তি ঘটেছিল। অবতরণের পর বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। দুর্যোগ কাটিয়ে নিরাপদে পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন দলীয় কর্মীরা।
শনিবার দুপুরে কলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে একটি ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে অমিত শাহের। নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এবং মহার্ঘ ভাতার মতো একাধিক ইস্যু নিয়ে শাসকদলকে বিদ্ধ করাই এই সফরের মূল লক্ষ্য। বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের কাছে পৌঁছাতে ইতিপূর্বেই প্রতিটি কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগপত্র পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।