হিলি ব্লক কিষান সংগঠনের রদবদল: সভাপতি সনৎ চৌধুরী ও চেয়ারম্যান দীপক সূত্রধর

দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে হিলি ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেতমজুর সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা সভাপতি শাহেনশা মোল্লা, তৃণমূল নেতা আশুতোষ সাহা এবং হিলি ব্লক সভাপতি অমিত বিশ্বাসের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ৫২ সদস্যের এই ব্লক কমিটির নাম ঘোষণা ও নতুন দায়িত্ব বণ্টন করা হয়।
নবগঠিত কমিটিতে সনৎ চৌধুরীকে সভাপতি এবং দীপক সূত্রধরকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া চৈতন্য সরকারকে এসসি-ওবিসি সেল এবং সাইফুল আলম রানাকে সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি করা হয়েছে। জেলা নেতৃত্বের উপস্থিতিতে আয়োজিত এই সভায় বিভিন্ন শাখা সংগঠনের কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মূলত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী ও সুসংগঠিত করাই এই রদবদলের মূল লক্ষ্য। কৃষক ও ক্ষেতমজুরদের স্বার্থরক্ষা এবং জনভিত্তি মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন এই নেতৃত্বের হাত ধরে আগামীতে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদী জেলা নেতৃত্ব।