হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খান: সম্পন্ন হলো জরুরি ডিএসএ পরীক্ষা

বলিউড সুপারস্টার সালমান খানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ ধরা পড়ায় ৯১ বছর বয়সী এই ব্যক্তিত্বকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ‘ডিএসএ’ নামক একটি বিশেষ মেডিকেল প্রসিডিউর সম্পন্ন করেছেন।
চিকিৎসকদের মতে, ডিএসএ বা ডিজিটাল সাবট্র্যাকশন এনজিওগ্রাফি কোনো অস্ত্রোপচার নয়, বরং এটি একটি উন্নত রোগ নির্ণয় পদ্ধতি। এই প্রক্রিয়ায় ডিজিটাল ইমেজিংয়ের মাধ্যমে রক্তনালীর ব্লকেজ বা রক্তক্ষরণ নির্ভুলভাবে শনাক্ত করা হয়। সেলিম খানের উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁর রক্ত সঞ্চালনের গতিবিধি যাচাই করতেই এই পরীক্ষাটি করা হয়েছে।
বর্তমানে প্রবীণ এই চিত্রনাট্যকারের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক জলীল পার্কার। নিরাপত্তার খাতিরে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও দ্রুতই তা সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্জয় দত্তসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তাঁর তদারকি করছেন।