হাসনাতের জার্সি বনাম সংসদের ড্রেসকোড: তুঙ্গে বিতর্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পোর্টস জার্সি পরে শপথ গ্রহণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা সংসদে এমন পোশাক ‘অপেশাদারি ও অসম্মানজনক’। তবে সমর্থকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই জার্সি পরে তিনি মূলত জনগণের সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বাংলাদেশের সংসদীয় বিধিমালায় উপস্থিতির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো ‘ড্রেসকোড’ বা পোশাকবিধি লিখিত নেই। তবে দীর্ঘদিনের সংসদীয় রেওয়াজ অনুযায়ী সদস্যরা সাধারণত মার্জিত ও আনুষ্ঠানিক পোশাক পরিধান করেন। বিশ্লেষকদের মতে, অতীতে মওলানা ভাসানী বা মকিম হোসাইন হাওলাদারের মতো নেতারা লুঙ্গি পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেও, আধুনিক সংসদীয় সংস্কৃতিতে ফর্মাল পোশাকই বেশি গ্রহণযোগ্য।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সংসদে কঠোর পোশাকবিধি থাকলেও, অনেক দেশে রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যতিক্রমী পোশাকের প্রচলন রয়েছে। হাসনাত আবদুল্লাহর এই পদক্ষেপকে কেউ রাজনৈতিক ‘স্টান্টবাজি’ হিসেবে দেখছেন, আবার কেউ একে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকার কৌশল হিসেবে অভিহিত করেছেন। বিষয়টি বর্তমানে রাজনৈতিক ও সংসদীয় শিষ্টাচারের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।