হামের সংক্রমণ রোধে টিকাদানের বয়সসীমা কমাল সরকার – বর্তমান নিউজ

হামের সংক্রমণ রোধে টিকাদানের বয়সসীমা কমাল সরকার – বর্তমান নিউজ

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচিতে বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়স থেকেই শিশুদের হামের প্রথম ডোজ দেওয়া হবে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন শিশুদের ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে টিকা না নেওয়া শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কের সংক্রমণের মতো জটিলতা দেখা দিতে পারে। ৯ মাসের কম বয়সী শিশুদের মায়ের অ্যান্টিবডি সুরক্ষা দিলেও আউটব্রেক পরিস্থিতিতে তা সবসময় কার্যকর হয় না বলেই এই আগাম টিকাদান।

আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, শিশুর জ্বর, সর্দি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত আইসোলেশন নিশ্চিত করতে হবে। টিকা নেওয়া থাকলে সংক্রমণের তীব্রতা ও শারীরিক জটিলতা অনেকাংশেই হ্রাস পায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *