হাওড়া শাখায় আড়াই মাস ট্রেন বিভ্রাট: বাতিল একাধিক লোকাল, ভোগান্তির আশঙ্কা

বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে নতুন রোড ওভারব্রিজ নির্মাণের জেরে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মে পর্যন্ত দফায় দফায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। মোট ২৪ দিন প্রতিদিন তিন ঘণ্টা করে কাজ চলায় ব্যান্ডেল-কাটোয়া ও হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন পরিষেবা প্রভাবিত হবে।
কাজ চলাকালীন ২১, ২৩, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ নির্দিষ্ট কিছু ট্রেন বাতিল থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৩৭৯২২ কাটোয়া-হাওড়া, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল, ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া এবং ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল। এছাড়াও ১৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং এপ্রিলের শেষ সপ্তাহে একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রের খবর, ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকাল নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে ছাড়বে। নিত্যযাত্রীদের সুবিধার্থে কাটোয়া-ব্যান্ডেল ও কাটোয়া-হাওড়া লোকালের সময়ও সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দীর্ঘ আড়াই মাস ধরে এই সংস্কার কাজ চলায় যাত্রী ভোগান্তির আশঙ্কা প্রবল হয়েছে।