হাইতিতে মাফিয়া গোষ্ঠীর তাণ্ডবে মৃত ৭০, পুড়ল ঘরবাড়ি: চরম মানবিক সংকটে দ্বীপরাষ্ট্র – বর্তমান নিউজ

হাইতির আর্তিবোনাইট অঞ্চলে ‘গ্রান গ্রিফ’ নামক এক শক্তিশালী মাফিয়া গোষ্ঠীর বর্বরোচিত হামলায় অন্তত ৭০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর প্রতিশোধ নিতে সোমবার রাতে পরিকল্পিতভাবে এই গণহত্যা চালায় সশস্ত্র অপরাধীরা। নির্বিচারে গুলি ও বোমাবাজিতে নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছেন এবং প্রায় ৫০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
হামলাকারীরা রাস্তা কেটে ব্যারিকেড তৈরি করায় সময়মতো পুলিশ পৌঁছাতে পারেনি, যার ফলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। দেশটির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল এই ঘটনাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। গত কয়েক বছরে গ্যাং যুদ্ধের কারণে হাইতিতে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বর্তমানে হাইতির অধিকাংশ এলাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রশাসন কার্যত অসহায় হয়ে পড়েছে। দুর্বল পুলিশি ব্যবস্থা ও আইনি স্থবিরতার সুযোগে অপরাধচক্রগুলো বেপরোয়া হয়ে ওঠায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন তলানিতে। এই ভয়াবহ পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে।