হরমুজ প্রণালীতে পূর্ণ কর্তৃত্বের দাবি ইরানের: যুদ্ধ থামাতে নয়া শর্তে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা – বর্তমান নিউজ

যুদ্ধ থামানোর লক্ষ্যে এবার হরমুজ প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্ব ও কর্তৃত্বের দাবি জানিয়ে আমেরিকার কাছে নতুন শর্ত রাখল ইরান। পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও এলপিজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইতিপূর্বে তেহরানের রাখা শর্তাবলীতে এই দাবি না থাকলেও, বর্তমানে এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ পাওয়াকেই তারা অগ্রাধিকার দিচ্ছে।
পাকিস্থানের মধ্যস্থতায় আমেরিকার পাঠানো ১৫ দফা প্রস্তাবের বিপরীতে ইরান এই নয়া শর্ত আরোপ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই জলপথের দখল পেলে বছরে কয়েকশ কোটি ডলার ‘টোল’ আদায়ের পথ প্রশস্ত হবে তেহরানের জন্য। বর্তমানে ভারতসহ কয়েকটি বন্ধু দেশের জাহাজকে যাতায়াতের অনুমতি দিলেও, আন্তর্জাতিক অর্থনীতিকে চাপে রাখতে ইরান হরমুজ প্রণালীকে দরকষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
ইরানের এই পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময়ে হরমুজ প্রণালীতে টোল চালুর এই প্রচেষ্টা হবে সম্পূর্ণ বেআইনি এবং বৈশ্বিক বাণিজ্যের জন্য বিপজ্জনক। জি-৭ বৈঠকের পর তিনি স্পষ্ট করেছেন যে, আন্তর্জাতিক স্তরে এই সংকট মোকাবিলার পরিকল্পনা প্রয়োজন। আপাতত এই নতুন শর্তকে কেন্দ্র করে যুদ্ধবিরতির আলোচনা এক জটিল মোড় নিয়েছে।