হরমুজ় প্রণালীতে পূর্ণ কর্তৃত্বের দাবি ইরানের, যুদ্ধ থামাতে নতুন শর্তে বাড়ছে উদ্বেগ – বর্তমান নিউজ

হরমুজ় প্রণালীতে পূর্ণ কর্তৃত্বের দাবি ইরানের, যুদ্ধ থামাতে নতুন শর্তে বাড়ছে উদ্বেগ – বর্তমান নিউজ

যুদ্ধ থামাতে এবার হরমুজ় প্রণালীর ওপর পূর্ণ সার্বভৌমত্ব ও কর্তৃত্বের নতুন শর্ত আরোপ করেছে ইরান। পারস্য ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই কৌশলগত জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও এলপিজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। পাকিস্তান ও আমেরিকার মধ্যস্থতায় ১৫ দফার শান্তি প্রস্তাব এলেও, তেহরান তাদের পূর্ববর্তী তিন দফা শর্তের সাথে এই নতুন দাবিটি যুক্ত করায় আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আমেরিকার আশঙ্কা, এই জলপথের নিয়ন্ত্রণ পেলে ইরান ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর চড়া ‘টোল’ বা মাশুল বসিয়ে বিপুল মুনাফা অর্জনের পরিকল্পনা করছে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এই পদক্ষেপকে বেআইনি ও বিপজ্জনক আখ্যা দিয়ে জানিয়েছেন, এমন কোনো ব্যবস্থা বিশ্ব অর্থনীতি মেনে নেবে না। বর্তমানে ইরান শুধুমাত্র ভারতসহ কয়েকটি বন্ধু দেশের জাহাজকে এই পথে চলাচলের অনুমতি দিলেও বাকিদের জন্য পথটি কার্যত অবরুদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি থেকে ইরান বুঝতে পেরেছে যে আন্তর্জাতিক অর্থনীতিকে চাপে রাখা কতটা সহজ। তাই ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হরমুজ় প্রণালীকে দর কষাকষির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। এই সংকটের মোকাবিলায় এবং বিশ্ব বাণিজ্য সচল রাখতে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলোসহ আন্তর্জাতিক স্তরে একটি সমন্বিত পরিকল্পনার কথা ভাবছে ওয়াশিংটন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *