হনুমান জয়ন্তীতেই প্রকাশ্যে আসছে রণবীরের ‘রাম’ লুক, ঘোষণা নির্মাতাদের – বর্তমান নিউজ
রামের ভূমিকায় রণবীর কাপুরের লুক দেখার দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রযোজক নমিত মালহোত্রা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর পুণ্য তিথিতে ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রথম ঝলক ও রণবীরের লুক উন্মোচন করা হবে। এর আগে রামনবমীতে এই ঘোষণার কথা থাকলেও বিশেষ কিছু কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
সূত্রের খবর, ছবির পোস্ট-প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় এবং গুণগত মানের সঙ্গে কোনো আপস না করতেই নির্মাতারা তাড়াহুড়ো করতে চাননি। অতীতে ‘আদিপুরুষ’ ছবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে। ভক্তদের প্রত্যাশা পূরণে ভিএফএক্স এবং লুকের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন পরিচালক ও প্রযোজক সংস্থা।
বিগ বাজেটের এই পৌরাণিক মহাকাব্যটি দুই পর্বে মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের দীপাবলিতেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব। একইসঙ্গে ছবির দ্বিতীয় পর্বের প্রাথমিক কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে। রণবীর কাপুর ছাড়াও এই মেগা প্রজেক্টে আর কোন কোন তারকা থাকছেন, তা নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।