স্পিকারকে অপমানের বদলা নিতে রাহুল গান্ধীকে খুনের হুমকি, রাজস্থানে গ্রেপ্তার ১

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপমানের অভিযোগ তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ ১৫ জন সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে রাজ সিং নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি নিজেকে করনী সেনার স্থানীয় নেতা বলে দাবি করেছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি সরাসরি রাহুল গান্ধীকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।
পুলিশি তদন্তে জানা গেছে, বাজেট অধিবেশন চলাকালীন স্পিকারের প্রতি বিরোধী সাংসদদের আচরণে ক্ষুব্ধ হয়েই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন। ভিডিওতে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদদের গ্রেপ্তার না করা হলে তিনি কঠোর পদক্ষেপ নেবেন। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে।
ঘটনার সূত্রপাত স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে। বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেও, পাল্টা প্রতিক্রিয়ায় এই খুনের হুমকি রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। বর্তমানে পুলিশ ধৃতের রাজনৈতিক যোগসূত্র ও ভিডিওটির সত্যতা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।