স্ত্রীকে ১২০ জনের কাছে বিক্রি! সুইডেনে পৈশাচিক যৌন শোষণের অভিযোগে গ্রেপ্তার স্বামী – বর্তমান নিউজ

উত্তর সুইডেনে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে দীর্ঘ কয়েক বছর ধরে যৌনদাসী হিসেবে ব্যবহারের লোমহর্ষক অভিযোগ উঠেছে। সরকারি কৌঁসুলির দাবি, অভিযুক্ত ব্যক্তি নিজের ‘অসহায়’ স্ত্রীকে মাদকের নেশায় বুঁদ করে প্রায় ১২০ জন পুরুষের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছেন। গত অক্টোবর মাসে ওই নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর হেলস এঞ্জেলস গোষ্ঠীর প্রাক্তন সদস্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক জোগাড় করতেন এবং স্ত্রীকে যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করতেন। এমনকি পুরো প্রক্রিয়াটি তিনি নিজে পাহারায় থেকে তদারকি করতেন বলে জানা গেছে। এই পৈশাচিক ঘটনাটি সম্প্রতি ফ্রান্সের আলোচিত জিসেল পেলিকট মামলার স্মৃতিকে উসকে দিয়েছে, যেখানে মাদক খাইয়ে স্ত্রীকে ধর্ষণের সুযোগ করে দেওয়ার অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড হয়েছিল।
বর্তমানে পুলিশি হেফাজতে থাকা ওই ব্যক্তির বিরুদ্ধে দালালি, আটটি ধর্ষণ এবং শারীরিক নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউটর এই ঘটনাকে “নিষ্ঠুর শোষণ” বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, সুইডেনের আইন অনুযায়ী যৌনতা কেনাবেচা এবং এই কাজে সহায়তা করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার তদন্ত এখনও চলছে।