স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬: লতা মঙ্গেশকরকে নিয়ে জুহি চাওলার সেই আবেগঘন মুহূর্ত ভাইরাল – বর্তমান নিউজ

মুম্বইয়ে ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬-কে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। এই বিশেষ উপলক্ষ্যে ফিরে দেখা হচ্ছে পুরস্কারের ইতিহাসের কিছু স্মরণীয় অধ্যায়। এর মধ্যে অন্যতম ১৯৯৫ সাল, যখন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী জুহি চাওলা ও অভিনেতা সুনীল দত্ত।
পুরস্কার ঘোষণার সময় জুহি চাওলা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে লতা মঙ্গেশকরকে ‘ভারতের নাইটিঙ্গেল’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পাঁচ দশকে ৩০ হাজারেরও বেশি গান গাইলেও তাঁর কণ্ঠের জাদু আজও অম্লান। এরপর প্রবীণ অভিনেতা সুনীল দত্ত লতাজির হাতে এই সম্মান তুলে দেন। সেই বছরই এই বিশেষ সম্মান ভাগ করে নিয়েছিলেন অপর কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ।
সম্মাননা গ্রহণ করে লতা মঙ্গেশকর তাঁর স্বভাবসিদ্ধ বিনম্রতায় ভক্ত ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ ৫২ বছরের এই অর্জন শুধুমাত্র মানুষের ভালোবাসার ফল। লতাজির অমর সৃষ্টি এবং তাঁর প্রতি জুহি চাওলার সেই শ্রদ্ধার্ঘ্য আজও স্ক্রিন অ্যাওয়ার্ডসের ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে।