স্কুলে ঢুকে শিক্ষককে ধমক ও সাফাই অভিযান বিধায়কের, বাঁকুড়ায় শোরগোল

বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে মঙ্গলবার ক্লাস চলাকালীন আচমকাই ঢুকে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। অষ্টম শ্রেণির বাংলা ক্লাস চলাকালীন ঘরের মেঝে নোংরা কেন, তা নিয়ে শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বিনা অনুমতিতে ক্লাসে প্রবেশ ও পড়ুয়াদের সামনে শিক্ষকের সঙ্গে বিধায়কের এমন আচরণে স্কুলে শোরগোল পড়ে যায়।
বচসার একপর্যায়ে বিধায়ক নিজেই ঝাড়ু হাতে স্কুল চত্বর পরিষ্কার করতে শুরু করেন। শিক্ষক গোলকবিহারী জানান, গ্রুপ ডি কর্মী না থাকায় টিফিনের পর সাফাইয়ের পরিকল্পনা ছিল। দীর্ঘ ২২ বছরের শিক্ষকতা জীবনে এমন অভিজ্ঞতায় তিনি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত। বিধায়কের এই আচরণে স্তম্ভিত হয়ে পড়ে ক্লাসে উপস্থিত কচিকাঁচা পড়ুয়ারাও।
পরবর্তীতে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন বিধায়ক নির্মলকুমার ধাড়া। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের এই কাজের তীব্র নিন্দা জানিয়ে একে ‘দলীয় অপসংস্কৃতি’ বলে কটাক্ষ করা হয়েছে। সব মিলিয়ে শিক্ষাঙ্গণে জনপ্রতিনিধির এমন ভূমিকা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।