সুপারি কিলার দিয়ে খুনের চক্রান্ত! শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কাইজার

নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানার দ্বারস্থ হলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। তাঁর বিস্ফোরক অভিযোগ, ক্যানিং পূর্বের বিধায়ক তথা সতীর্থ শওকত মোল্লা তাঁকে হত্যার চক্রান্ত করছেন। কাইজারের দাবি, মাসখানেক ধরেই এই পরিকল্পনা চলছে এবং মেদিনীপুর থেকে সুপারি কিলার ভাড়া করে আনা হয়েছে। এই বিষয়ে তিনি কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইমেলের মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন।
অভিযোগপত্রে কাইজার উল্লেখ করেছেন যে, এর আগেও একদল আততায়ী তাঁকে হত্যার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু চিনতে না পারায় তারা ফিরে যায়। তবে সম্প্রতি আবারও নতুন একদল সুপারি কিলার নিয়োগ করা হয়েছে বলে তাঁর দাবি। নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। ভাঙড়ের এই প্রভাবশালী নেতার এমন অভিযোগে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে, কাইজার আহমেদের তোলা এই গুরুতর অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিধায়ক শওকত মোল্লা। এই বিষয়ে ব্যক্তিগতভাবে কোনও মন্তব্য করতে অস্বীকার করে তিনি জানিয়েছেন, যা বলার দল বলবে। ভাঙড়ে কাইজার বনাম শওকত দ্বন্দ্ব দীর্ঘদিনের হলেও, সরাসরি খুনের ষড়যন্ত্রের এই অভিযোগ তৃণমূলের অন্দরে ও স্থানীয় রাজনীতিতে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।