সুকমায় বড় সাফল্য: পুলিশের অভিযানে নিকেশ ৫ লক্ষ টাকার ইনামধারী মাওবাদী নেতা – বর্তমান নিউজ

সুকমায় বড় সাফল্য: পুলিশের অভিযানে নিকেশ ৫ লক্ষ টাকার ইনামধারী মাওবাদী নেতা – বর্তমান নিউজ

ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হলো কুখ্যাত মাওবাদী নেতা মুচাকি কৈলাস। ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র, যার ঠিক দু’দিন আগেই পোলামপাল্লির পাহাড়ি জঙ্গলে এই সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ওই এলাকায় অভিযান শুরু করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। মৃত কৈলাস মাওবাদীদের ৩১ নম্বর প্ল্যাটুনের সেকশন কমান্ডার ছিল এবং তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

ঘটনাস্থল থেকে পুলিশ মুচাকি কৈলাসের দেহসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। সুকমার পুলিশ সুপার কিরণ চ্যবণ জানান, সাধারণ মানুষ হত্যা, আইইডি বিস্ফোরণ এবং পুলিশের ওপর হামলার একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই অভিযানে চলতি বছরে ছত্তিশগড়ে নিকোশ হওয়া মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। মাওবাদীদের দৌরাত্ম্য দমনে এটিকে প্রশাসনের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

বস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পট্টিলিঙ্গম জানিয়েছেন, আত্মসমর্পণ ও পুনর্বাসন প্রকল্পের মেয়াদ এখন শেষ পর্যায়ে। তাই মাওবাদীদের কাছে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য এটিই শেষ সুযোগ। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, মাওবাদী দমনে আপসহীন মনোভাব বজায় রাখা হবে। আত্মসমর্পণ না করলে আগামী দিনে অভিযান আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে পুলিশ বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *