সিপিএমের সঙ্গে দূরত্ব বাড়ল প্রতীক উর রহমানের, মহম্মদ সেলিমকে তীব্র আক্রমণ

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী প্রতীক উর রহমানের সঙ্গে সিপিএমের দূরত্ব আরও স্পষ্ট হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর তলব সত্ত্বেও আলিমুদ্দিনে বৈঠকে যাননি তিনি। উল্টে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিশানা করে প্রতীক ক্ষোভ উগরে দিয়ে জানান, দলের একাংশ তাঁর পদত্যাগপত্র ও অভ্যন্তরীণ আলোচনা সংবাদমাধ্যমে ফাঁস করে দিচ্ছে। তাঁর অভিযোগ, সিপিএম তাঁকে ‘তিন তালাক’ দিয়েছে এবং দলে বর্তমানে ‘সেলিব্রিটি কালচার’ চলছে।
সূত্রের খবর, দলের প্রতি বীতশ্রদ্ধ এই তরুণ নেতা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী সাংসদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মহম্মদ সেলিমের কর্মপদ্ধতি নিয়ে দলের অন্দরেও তৈরি হয়েছে বিভাজন। বিমান বসুর মতো প্রবীণ নেতারা প্রতীককে দলে ধরে রাখতে চাইলেও, পরিস্থিতি এখন ভিন্ন মোড় নিয়েছে। রাজনীতির ময়দানে নিজের অবস্থান স্পষ্ট করে প্রতীক জানিয়েছেন, তিনি পালিয়ে যাওয়ার পাত্র নন এবং লড়াই জারি রাখবেন।
বর্তমান পরিস্থিতিতে প্রতীকের তৃণমূলে যোগ দেওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর এই সম্ভাব্য দলবদল সিপিএমের তরুণ ও সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে। বিশেষ করে সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরের মতো ছাত্রনেতাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও জল্পনা তুঙ্গে। আজ থেকে শুরু হওয়া সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে এই সংকট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।