সাপের বিষ পাচার মামলা: সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে ইউটিউবার এলভিশ যাদব

রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে অভিযুক্ত জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটিশ্বরের বেঞ্চ এলভিশের ভূমিকার সমালোচনা করে জানায়, জনপ্রিয় মুখ হয়ে নিরীহ প্রাণীদের প্রতি এমন আচরণ সমাজে অত্যন্ত নেতিবাচক বার্তা দেয়। আদালত সরাসরি প্রশ্ন তোলে, ভিডিও বা বিনোদনের নামে প্রাণীদের বিরক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুনানি চলাকালীন এলভিশের আইনজীবী দাবি করেন, উদ্ধার হওয়া সাপগুলো বিষধর ছিল না এবং এলভিশ কোনো রেভ পার্টিতে উপস্থিত ছিলেন না। তিনি আরও অভিযোগ করেন, জনপ্রিয়তার কারণে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে, সরকারি আইনজীবী আদালতকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি কোবরাসহ নয়টি সাপ এবং সন্দেহভাজন বিষের বোতল উদ্ধার করেছে।
পুলিশের চার্জশিট অনুযায়ী, বিদেশি পর্যটকদের উপস্থিতিতে ওই পার্টিতে নেশার সামগ্রী হিসেবে সাপের বিষ ব্যবহৃত হতো। তবে এলভিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শীর্ষ আদালত বিষ সংগ্রহের প্রক্রিয়া এবং এর ব্যবহার নিয়ে পুলিশের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ মার্চ ধার্য করা হয়েছে।