সাইবার জালিয়াতি চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার শিল্পপতি পবন রুইয়া

অনলাইন সাইবার জালিয়াতি ও কয়েক কোটি টাকার জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্পপতি পবন রুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে বিধাননগর সাইবার ক্রাইম উইংয়ের অফিসাররা তাঁকে হেফাজতে নেন। দীর্ঘদিন ধরে উচ্চ আদালতের সুরক্ষা কবচ পেলেও, তা প্রত্যাহারের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তদন্তকারীদের দাবি, ৯৩ লক্ষ টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ১৮৬টি কাগুজে কোম্পানির সন্ধান মেলে। অভিযোগ উঠেছে যে, দেশজুড়ে ১,৩৭৯টি জালিয়াতির ঘটনার টাকা সরাসরি ওই শিল্পপতির নির্দেশে খোলা বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়েছে। পরবর্তীতে সেই বিশাল পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, জালিয়াতি চক্রের এই নেটওয়ার্ক পবন রুইয়া ও তাঁর পরিবারের সদস্যরা নিয়ন্ত্রণ করতেন। কলকাতার রুইয়া হাউস থেকে এই কাগুজে কোম্পানিগুলো পরিচালিত হতো বলে তথ্য মিলেছে। প্রতারণার অভিযোগে শিল্পপতির পরিবারের আরও চার সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিপুল অর্থ পাচারের শিকড় খুঁজতে বর্তমানে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।