সাইবার অপরাধে ‘ডিজিটাল স্ট্রাইক’ দেশজুড়ে ৮৩ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক

সাইবার অপরাধে ‘ডিজিটাল স্ট্রাইক’ দেশজুড়ে ৮৩ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক

দেশজুড়ে সাইবার অপরাধীদের দাপট রুখতে বড়সড় পদক্ষেপ নিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আই ফোর সি)। গত তিন মাসে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের সহায়তায় প্রায় ৮৩,৮৬৭টি ‘মিউল’ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ডিজিটাল অ্যারেস্ট এবং ‘জিরো-ক্লিক’ অ্যাটাকের মতো মারাত্মক প্রতারণা ঠেকাতেই এই কঠোর ব্যবস্থা। তদন্তে দেখা গেছে, হ্যাকাররা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ম্যালওয়্যার পাঠিয়ে গ্রাহকের অজান্তেই ফোন হ্যাক করছিল।

প্রতারণার এই জালে সাধারণ মানুষ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন, যার প্রভাব কলকাতায় সবথেকে বেশি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিধাননগর এলাকায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা। এছাড়া +২১ বা +৬৭ কোড থেকে আসা কল এবং নির্বাচন কমিশনের নামে ভুয়ো কিউ-আর কোড পাঠিয়ে ফোন হ্যাক করার একাধিক ঘটনা সামনে এসেছে। মূলত ভাড়া নেওয়া বা মিউল অ্যাকাউন্ট ব্যবহার করেই এই অপরাধমূলক নেটওয়ার্ক চালানো হচ্ছিল।

সাইবার নিরাপত্তা নিশ্চিতে সরকার ৩,৯৬২টি স্কাইপ আইডি এবং ৮২৭টি ক্ষতিকারক মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। এছাড়া প্রতারণায় ব্যবহৃত ৮ লক্ষ ৪৫ হাজার ভুয়ো সিম কার্ড ও ২ লক্ষ ৩৯ হাজার মোবাইল আইএমইআই নম্বর ব্লক করা হয়েছে। অনলাইন জালিয়াতি রুখতে এবং সাইবার অপরাধীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে দেশজুড়ে এই ডিজিটাল অভিযান অব্যাহত রয়েছে। সরকারি পোর্টালের মাধ্যমে ১ লক্ষ ১১ হাজারের বেশি সন্দেহজনক কনটেন্টও ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *